হাতিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজ ১০ জনের সন্ধান এখনো মেলেনি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:৩৫

হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে গত মঙ্গলবার বিকেলে ট্রলারডুবিতে নিখোঁজ ১০ জনের সন্ধান এখনো মেলেনি। বরযাত্রীবাহী ঐ ট্রলার চনন্দী ইউনিয়নের নলেরচরের শান্তিপুর ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই নদীতে ডুবে যায়। কোস্ট গার্ড হাতিয়া নৌ-কনটিনজেন্ট কমান্ডার মো. আলীর নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা এবং নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আকরাম উল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা গতকাল বুধবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে মেঘনা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন। এছাড়া কোস্ট গার্ডের ভোলা জোন থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বলে হাতিয়া নৌ কনটিনজেন্ট কমান্ডার জানান। ট্রলারডুবির ঘটনায় সাত জনের মৃতদেহ এবং ৪২ জনকে জীবিত উদ্ধারের পর এখনো যারা নিখোঁজ রয়েছে তারা হচ্ছে জাকিয়া খাতুন (৫৫), মো. হাচান (৭), নুরনাহার নারগিছ (৪), আনোয়ারা বেগম হালিমা (৩), লামিয়া (৩), নিহা (১), অমির হোসেন (২), আলিফউদ্দিন (২), সুমন উদ্দিন (৫) ও মো. শাহিন (২)।