নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ইউপি সদস্য ও অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। সিএনজি-চালিত অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিপা আক্তার সুমি (৩২) বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে মধুপুর বাজারে যাওয়ার জন্য পরিষদের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাত্ ত্রিশাল থেকে মধুপুরগামী দ্রুতগতিসম্পন্ন একটি সিএনজি ব্যাটারিচালিত অটোরিকশা পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। তিনি চরকামটখালী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। স্থানীয় লোকজন সিএনজিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
অপরদিকে বুধবার দুপুরে নান্দাইল-তাড়াইল সড়কের বারুইগ্রাম নামক স্থানে অজ্ঞাতনামা এক বৃদ্ধ পথচারী (৭০) ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
