রোহিঙ্গাবিষয়ক জাতীয় কমিটি গঠন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২২:৪৪

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত জাতীয় কমিটি গঠন করেছে সরকার। গতকাল বুধবার এ তথ্য জানা গেছে। গত ১৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি-বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জাতীয় কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আরো ১৬ জনকে কমিটির সদস্য করা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও রয়েছেন।

সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ছাড়াও রয়েছেন  পুলিশের আইজি, এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, সামরিক  গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। প্রজ্ঞাপনে কমিটির কাজের বিষয়ও উল্লেখ করা হয়েছে। কার্যপরিধিতে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা ও  প্রত্যাবাসনসহ সব কার্যক্রমের সমন্বয় সাধন করা।  প্রত্যাবাসন-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স (এনটিএফ) ভাসানচরে স্থানান্তরের লক্ষ্যে গঠিত জাতীয় নির্বাহী কমিটির কার্যক্রম, নিরাপত্তা প্রদান ও রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে গৃহীত সব কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন পুনঃনিরীক্ষণ ও পরামর্শ প্রদান করাসহ সংশ্লিষ্ট অন্য বিষয়গুলো তদারকি করা।

কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা ও ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে। প্রতি তিন মাসে কমিটি কমপক্ষে একটি সভা এবং প্রয়োজন অনুসারে যে কোনো সময় সভার আয়োজন করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগ এই কমিটিকে সার্বিক সহায়তা করবে। এই কমিটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।