বিজয় দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার নিদর্শন হিসেবে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ফল ও মিষ্টি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কাছে ফল ও মিষ্টি পৌঁছে দেন।
বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উত্সবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা সম্প্রতি বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননা এবং নব্য রাজাকারদের উত্থানের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করে যে কোনো মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রধানন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
