নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে জঙ্গি সংগঠন বোকো হারামের হাতে অপহৃত তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে সরকারি বাহিনী। এই সময় প্রাণ হারিয়েছেন দুই শিক্ষার্থী। বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
কাতসিনার গভর্নর আমিনু মাসারি স্থানীয় একটি রেডিও স্টেশনকে জানিয়েছেন, তিনি কানকারা এলাকার ওই বোর্ডিং স্কুল থেকে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
গত শুক্রবার কাতসিনার সরকারি বালক বিদ্যালয়টিতে হামলা চালায় বন্দুকধারীরা । সেসময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের তুমুল বন্দুকযুদ্ধ হয়। প্রাণ বাঁচাতে আশপাশের ঝোপঝাড় ও জঙ্গলে পালিয়ে যায় শিক্ষার্থীরা। তবে এ ঘটনার পরে তিন শতাধিক শিক্ষার্থীর আর খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। এর আগে ২০১৪ সালে নাইজেরিয়া চিবক এলাকার শতাধিক ছাত্রীকে অনেকটা একইভাবে অপহরণ করেছিল বোকো হারাম। তবে গত শুক্রবারের মতো এত বড় ধরনের অপহরণের ঘটনা দেশটিতে এর আগে ঘটেনি।
ইত্তেফাক/এআর
