প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১৩০টি সোনার বারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানযাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার রাত ১১টার দিকে লুত্ফর রহমান নামে দুবাইফেরত ঐ যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। এ সময় তারা যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করেন। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বিমানবন্দর থানার এসআই শেখ তাজউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে আসা ঐ যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি সোনার বার পাওয়া যায়। আটক লুত্ফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়। উদ্ধার সোনার ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
