দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সোনার বাংলা গড়তে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিভিন্ন বক্তৃতা-বিবৃতিতে দুর্নীতির বিরুদ্ধে যেসব দীপ্ত উচ্চারণ করে গেছেন, তা আমাদের বাস্তবায়ন করতে হবে। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন। দুদকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও একই সমতল থেকে দায়িত্ব পালনেরও আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সিপাহি থেকে চেয়ারম্যান প্রত্যেককেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে সততা, নিষ্ঠা ও সুচারুরূপে দায়িত্ব পালন করতে হবে।
আলোচনার প্রারম্ভেই দুদক চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ, মুক্তিযুদ্ধে নির্যাতিত মা-বোন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহিদ, কারাগারে নিহত জাতীয় চার নেতাসহ জীবিত সব মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতাই বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে আমাদের জাতিগতভাবে জাগিয়ে তুলেছিলেন। তিনি আরো বলেন, সত্যিকার অর্থেই উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি। তাই আমাদের দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘সরকারি ট্রেজারির অস্ত্রাগার লুণ্ঠন করে আমরা জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলাম। আজকের এই দিনে আমরা বিজয়ী হই। আজ পৃথিবীর প্রশংসিত একটি দেশ বাংলাদেশ।’
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—দুদক মহাপরিচালক মো. জহির রায়হান, সাঈদ মাহবুব খান, এ কে এম সোহেল, পরিচালক মো. গোলাম শাহরিয়ার চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, দুদক সিলেট সজেকার উপপরিচালক মো. নূর-ই-আলম প্রমুখ।
