রাজধানীর কলাবাগান থানা এলাকার নিউ সুইস ফার্মা নামের একটি ফার্মেসি থেকে ২৫ লাখ টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ করেছে র্যাব-২। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রির দায়ে ফার্মেসিটি সিলগালা করা ছাড়াও কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র?্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার রাতে র?্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এবং স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের সহায়তায় ফার্মেসিটিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালানো হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, ফার্মেসিতে বিভিন্ন প্রকার ভেজাল, নকল, মানহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমতি ব্যতীত বিদেশি ওষুধ বিক্রি হচ্ছে এবং নিবন্ধনহীন গোডাউনে তাপমাত্রা নিয়ন্ত্রণ না করে ওষুধ সংরক্ষণ করে আসছে। অপরাধ প্রমাণিত হওয়ায় ফার্মেসিকে সিলগালা ও আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল ওষুধ জব্দ করাসহ ফার্মেসির মালিকের বিরুদ্ধে কলাবাগান থানায় নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো বলেন, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় বিভিন্ন অনিবন্ধিত ফার্মেসিতে নামিদামি ওষুধের নামে-বেনামে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করছে। এছাড়াও বিদেশি ওষুধ বিক্রির নামে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
