শার্লি এব্দো হামলার মূল অভিযুক্তের ৩০ বছরের জেল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৫

 ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এব্দোর অফিসে ২০১৫ সালের হামলার ঘটনায় মূল অভিযুক্ত আলী রিজা পোলাতকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ফ্রান্সের একটি আদালতে এই রায় দেওয়া হয়।

এছাড়া হামলাকারীর সহযোগীতা করায় হায়াত বৌমেদ্দিয়েনে নামের এক নারীকেও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের আদালত। তবে হায়াত বৌমেদ্দিয়েনে হামলার আগেই পালিয়ে সিরিয়ায় চলে যান। 

গত সেপ্টেম্বরে  ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে ২০১৫ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন ১৪ জনের বিচার কাজ শুরু হয়। এই ১৪ জনই   ফ্রান্সের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।  অভিযুক্তদের মধ্যে ১১ জন সশরীরে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। এছাড়া পলাতক আছেন তিনজন।  

২০১৫ সালের জানুয়ারিতে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের জেরে ম্যাগাজিনটির অফিসে হামলা চালানো হয়েছিল। এতে কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। এর কয়েক দিনের মাথায় প্যারিসে এই ঘটনা সংক্রান্ত আরেকটি হামলায় নিহত হয় পাঁচ জন।

ইত্তেফাক/এআর