নরসিংদীতে এনজিও কর্মীর হাতের কবজি কেটে টাকা ছিনতাইয়ে ঘটনায় গ্রেফতার ৪, টাকা উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৮:৪৬

এনজিও কর্মীর হাতের কবজি কেটে দুই লাখ টাকা ছিনতাইয়ের একদিনের মাথায় মূল ছিনতাইকারী, দুই সহযোগীসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় ছিনতাই হওয়ায় এক লাখ ৯১ হাজার পাঁচশ টাকা ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী মাধবদী বাসস্ট্যান্ড থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রুবেল মিয়া (২৬), বাদশা মিয়া (২২) এবং তাদের সহযোগী মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)।

র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গোপন খবরে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের নরসিংদী সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের মধ্যে রুবেলের নামে চারটি, বাদশার নামে আটটি এবং মিঠি বেগমের নামে দুইটি মামলা চলমান রয়েছে। 

আরও পড়ুন: স্বাধীনতার ২৬ বছর পর রাজাকারের নামে পোস্ট অফিস, দুই যুগ পর প্রশাসনের নজরে

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর এনজিও কর্মী (আশা) শান্তা আক্তার নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফেরার সময় রুবেল মিয়া ও আব্দুল বাদশা মিয়া তার টাকা ভর্তি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে তার হাতের কবজি কেটে ব্যাগে থাকা দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

ইত্তেফাক/এসি