পরীক্ষা করা হোক সিএনজি অটোরিকশার কাগজপত্রও

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৪৮

অভিযোগ রয়েছে, কুমিল্লা মহানগরীর শাসনগাছা ফ্লাইওভার সংলগ্ন সড়কে চলাচলকারী অর্ধেকের বেশি সিএনজি আটোরিকশার নেই বৈধ কাগজ, চালকেরও নেই বৈধ লাইসেন্স, গাড়ির নেই ফিটনেস এবং গাড়ির চালক অপ্রাপ্তবয়স্ক। চালকের পাশে যাত্রীবহন তো আছেই। এই অনিয়ম ট্রাফিক পুলিশ বা বিআরটিএ-র দৃষ্টিগোচর হচ্ছে না। তবে মোটরসাইকেল আরোহীদের প্রতি তীক্ষ দৃষ্টি ট্রাফিক পুলিশের। কেউ সন্তানকে প্রাইভেট শিক্ষকের কাছে দিতে বা নিতে, কেউবা স্বজনকে চিকিত্সকের কাছে নিয়ে আসতে বা যেতে, কেউ ব্যক্তিগত প্রয়োজনে স্ত্রী-সন্তানসহ আসা-যাওয়ার পথে ট্রাফিক সার্জেন্টের কবলে পড়ছেন। মোটরসাইকেল আরোহীদের নামিয়ে কাগজপত্রের নামে দীর্ঘ কালক্ষেপণ এক অরাজক অবস্থার সৃষ্টি করে। অনেকের প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও নীরবে সহ্য করতে হচ্ছে এই অবস্থা। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, চালকের লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট মোটরসাইকেলের ক্ষেত্রে যা, অন্য যানবাহনের ক্ষেত্রেও একই। এক্ষেত্রে প্রতিদিন ফ্লাইওভারের সামনে শুধু মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। কেন সিএনজি আটোরিকশার অনিয়মগুলো নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আইন তো দুরকম হতে পারে না। তাই মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশির পাশাপাশি সিএনজি আটোরিকশার কাগজপত্রও পরীক্ষার ব্যবস্থা করা হোক।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০