‘একাত্তরের পরাজিত অপশক্তিকে রুখে দিতে হবে’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৫০

বাংলা একাডেমি আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় একাত্তরের পরাজিত অপশক্তিকে রুখে দিতে হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে একাত্তরের সেই পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মাধ্যমে আবারও তাদের আস্ফাালন প্রকাশ করে চলেছে। বাংলা একাডেমি শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

শহিদ বুদ্ধিজীবী স্মরণ অনুষ্ঠানে আলোচনা করেন ডা. সারওয়ার আলী এবং সুব্রত বড়ুয়া। পরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং নাসির উদ্দীন ইউসুফ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

শামসুজ্জামান খান বলেন, রাজনীতি ও বুদ্ধিবৃত্তিকতার অনন্য সমন্বয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার অনিবার্য ক্ষেত্র প্রস্তুত করেছেন। তিনি বাংলার শ্রেষ্ঠ মনীষার চিন্তাধারাকে আত্মস্থ করে ধারাবাহিকভাবে এদেশের মানুষের মনে ভাষাভিত্তিক-জাতীয়তাবাদী-অসাম্প্রদায়িক রাষ্ট্রকল্পনা জাগ্রত করেছেন এবং তারই পরিণতিতে এদেশ স্বাধীন হয়েছে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রযোজিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির উপপরিচালক ড. মো. শাহাদাত্ হোসেন।