পলাশে ৫০০ টাকার জন্য পুত্রের আঘাতে আহত মায়ের মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:০১

নরসিংদীর পলাশে ৫০০ টাকার জন্য পুত্রের লোহার রডের আঘাতে আহত মা খোদেজা বেগম (৬০) ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।  স্থানীয়রা ও পুলিশ জানায়, ৫০০ টাকার জন্য বৃদ্ধা মাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখমের ঘটনায় গত ৮ ডিসেম্বর রাতে পলাশ থানায় মামলা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পাষণ্ড ছেলে খোরশেদ মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

খোরশেদের বোন আছমা বেগম জানান, গত ৬ ডিসেম্বর রাতে মার কাছে ৫০০ টাকা চায় খোরশেদ। এ সময় খোদেজা বেগম টাকা দিতে না পারায় খোরশেদ মায়ের ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় মা বাধা দিতে গেলে মাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বুধবার রাতে তিনি মারা যান।