নাগরপুরে শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:০১

দীর্ঘদিন ধরে দুই সন্তানের জননীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পচাসারুটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ আলীর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক ফরহাদ আলী উপজেলার শাখাইল গ্রামের দুখু মিয়ার ছেলে। এ বিষয়ে ভুক্তভোগী নারী বাদী হয়ে সম্প্রতি মো. ফরহাদ আলীসহ তিন জনকে আসামি করে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাগরপুর আমলি আদালতে মামলা করেন। মামলাটি আদালত তদন্তের জন্য টাঙ্গাইল ডিবি দক্ষিণকে দায়িত্ব দেন। এদিকে ভুক্তভোগী ঐ নারীর সঙ্গে শিক্ষক ফরহাদ আলীর যৌন উত্তেজক আপত্তিকর কথোপকথনের একাধিক অডিও ক্লিপস ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। মামলার পর থেকেই প্রধান শিক্ষক ফরহাদ গ্রামের প্রভাবশালীদের দিয়ে মামলা তুলে নিতে মর্জিনাকে অব্যাহতভাবে চাপ সৃষ্টি করায় ভুক্তভোগীর পরিবার শঙ্কায় রয়েছে।