বাজে শুরুর পরও বিরাট কোহলির ব্যাটে অ্যাডিলেড টেস্টে রাজ করার স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু ফ্লাডলাইটের আলোতে বদলে যায় খেলার মোড়। দিন শেষে ২৩৩ রানে ৬ উইকেট তুলে নিয়ে হাসিমুখে মাঠ ছাড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ঋদ্ধিমান সাহা ৯ ও রবিচন্দ্রন অশ্বিন ১৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
অ্যাডিলেডের উইকেট মানেই পেসারদের স্বর্গ। কিন্তু গতকালকের পিচ স্বাভাবিকের তুলনায় কিছুটা মন্থরই ছিল বটে। তার পরও অজি পেসারদের গতির সামনে জবাবহীন ছিলেন ভারতীয় ওপেনাররা।
টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত দিনের শুরুটা করে উইকেট খুইয়েই। প্রথম ওভারের দ্বিতীয় বলে পৃথ্বী শয়ের (০) স্টাম্প চুরমার করেন মিচেল স্টার্ক। থিতু হয়ে সেই একই পথে হাঁটেন মায়াঙ্ক আগারওয়ালও (১৭)। দেরীতে খেলতে গিয়ে প্যাট কামিন্সের কাছে নিজের স্টাম্প হারান ডানহাতি ব্যাটসম্যান।
শুরুর ধাক্কাটা কাটিয়ে ওঠেন দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা ও কোহলি। লাঞ্চের পর এই স্লো উইকেটে মাটি কামড়ে লড়াই চালিয়ে যান তারা। কিন্তু স্পিনার নাথান লায়নের ফাঁদে পা দিয়ে জুটির সঙ্গে সুন্দর ইনিংসটিরও অপমৃত্যু ঘটান পুজারা (৪৩)।
পরের উইকেটে অবশ্য আজিঙ্কা রাহানেকে নিয়ে ভালোমতোই এগোতে থাকেন কোহলি। ক্যারিয়ারের দ্বিতীয় ধীরগতির অর্ধশতক তুলে দলকে বড় সংগ্রহের আশা দেখাতে থাকেন অধিনায়ক। কিন্তু কৃত্রিম আলোয় নতুন বল নিতেই শুরু হয় ছন্দপতন।
রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের কাটায় পড়েন কোহলি। খেলেন ৭৪ রানের ইনিংস। তার বিদায়ে ভাঙে ৮৮ রানের জুটি। দিনের শেষ ভাগে রাহানে (৪২) ও হনুমা বিহারীকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন স্টার্ক ও জশ হ্যাজলউড। এ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৮৯ ওভারে ২৩৩/৬ (পুজারা ৪৩, কোহলি ৭৪, রাহানে ৪২, সাহা ৯*, অশ্বিন ১৫*; স্টার্ক ৪৯-২, হ্যাজলউড ৪৭-১, কামিন্স ৪২-১, লায়ন ৬৮-১)
