স্যার অ্যালেক্স ফার্গুসনের সময়ে শেষ মুহূর্তে গোল দেওয়ার একটা অভ্যাস ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ৮০ মিনিটের পর গোল দিয়ে ম্যাচের ফলাফল বদলে দেওয়ার অভ্যাসটার জন্য ফার্গির সময়ে শেষ ১০ মিনিটের আরেক নাম ছিল ‘ফার্গি টাইম’। ফার্গির সেই কিংবদন্তি দলের একটা অভ্যাস গত কয়েক মৌসুম ধরে দেখা যাচ্ছে য়ুর্গেন ক্লপের লিভারপুলের মধ্যেও। ইংলিশ ফুটবলে ‘ফার্গি টাইম’ তাই নাম বদলে হয়ে গেছে এখন ‘ক্লপেজ টাইম’। টেবিলে শীর্ষে থাকা জোসে মরিনহোর টটেনহাম হটস্পার্সকে বুধবার রাতে এই ক্লপেজ টাইমের গোলে ২-১ ব্যবধানে হারাল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
ম্যাচের শুরু থেকেই খেলার দখল লিভারপুলের হাতে থাকলেও ডিবক্সে স্পার্সের পার্ক করা বাসকে অতিক্রম করতে পারছিল না কেউই। টবি আল্ডারভেইরাল্ডের পা ছুঁইয়ে না গেলে ২৬ মিনিটে সালাহর শটও জাল ভেদ করতে পারত না। তবে সালাহর গোলে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি লিভারপুল। ৭ মিনিট পরই এক প্রতি আক্রমণ থেকে গোল করে সমতা ফেরান হিউয়েঙ-মিন সন। প্রথমার্ধে স্পার্সের একমাত্র আক্রমণই ছিল এটি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পালটা আক্রমণ অব্যাহত রাখলেও গোল পায়নি কেউই। অতিরিক্ত সময়ে যখন এনফিল্ড থেকে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে স্পার্স, তখন কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করে বসেন লিভারপুলের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবার্তো ফিরমিনো। ফিরমিনোর গোলে জয় নিশ্চিত করা লিভারপুল স্পার্সকে টপকিয়ে আবার দখল করেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
এনফিল্ডে এসে শীর্ষস্থান খোয়ানো স্পার্স ম্যানেজার জোসে মরিনহো যেন এই পরাজয়কে মেনেই নিতে পারছেন না, ‘আমি (ক্লপকে) বলেছি সেরা দলটি হেরেছে।’ সারা মাচে মাত্র ২৪ শতাংশ বলের দখল রাখা, গোলমুখে মাত্র দুটি শট নেওয়া মরিনহোর স্পার্স নিজেদের সেরা দল দাবি করলেও সেই দাবিতে স্বাভাবিকভাবেই সহমত জানাননি ক্লপ।
দিনের অন্যান্য ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। এভারটনের কাছে ০-২ গোলে পরাজিত হয়েছে লেস্টার সিটি।
