প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিশাসের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার প্রত্যয় নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার মরিশাসের রাজধানী পোর্ট লুইসের একটি সড়ক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে নামকরণ করা উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা একসঙ্গে চলার জন্য অঙ্গীকারবদ্ধ।’ বাংলাদেশ ও মরিশাসের মধ্যে চমত্কার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং দেশ দুটির মূল্যবোধ, আদর্শ ও লক্ষ্য অভিন্ন। দুটি দেশই তাদের জনগণের কল্যাণ ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন দিই। আমি বিশ্বাস করি, আগামী বছর ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশ আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার সহযোগিতা ও সমঝোতার সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে।’ তিনি জানান, স্বর্গীয় দ্বীপ মরিশাসের রাজধানী পোর্ট লুইসের একটি সড়ক সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে জানতে পেরে তিনি খুব খুশি হয়েছেন। প্রধানমন্ত্রী ‘ব্লু ইকোনমি’ প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সমুদ্রসম্পদের টেকসই ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে মরিশাসের যে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, আমরা তা থেকে উপকৃত হতে চাই।’
