বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে :কাদের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর এবং অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সরকারের নীরবতাকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের স্বস্তি নষ্টের অপপ্রয়াস চালাবেন না, নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলে আর কোনো সাংবিধানিক পথ নেই। সরকারের নীরবতাকে দুর্বলতা ভাববেন না।’ শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের        সাফল্য নেতাকর্মীদের প্রচার করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে।

বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা বিজয়ের মাসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপতত্পরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপিকে  ভোটের কোকিল অবহিত করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতি করে নিজেদের জন্য, জনগণের জন্য নয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট উপজেলায় প্রায় ৫৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, যার উদ্বোধন আজ করা হচ্ছে। কবিরহাট কলেজের একসঙ্গে সাতটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে, যা অনেক বড় ঘটনা। ওবায়দুল কাদের বলেন, ‘আমি আমার জন্য কিছু করিনি। পরিবারের জন্যও রাজনীতি করি না। আমি কমিশন খাই না, ঘুষ খাই না। এলাকায় অট্টালিকা গড়ে তুলিনি। এলাকার উন্নতি না করে নিজের উন্নতি করতে চাই না।’ মন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের আগেই তার এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ারও আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম রায়হান প্রমুখ।