শনাক্ত ৫৪ দিনের মধ্যে সবচেয়ে কম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৩৪ জন। শনাক্ত রোগীর এই সংখ্যা গত ৫৪ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ২৪ অক্টোবর এর চেয়ে কম রোগী ১ হাজার ৯৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্য ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন। মোট মৃতের                  সংখ্যা ৭ হাজার ১৯২ জনে দাঁড়িয়েছে। গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ২৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাব অর্থাত্ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৩৫ হাজার ৭২৮টি নমুনা। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৬০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৭ জন পুরুষ আর নারী ৯ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ২৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, চার জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ ছিল। মৃতদের মধ্যে ২০ জন ঢাকা বিভাগের, আট জন চট্টগ্রাম, দুই জন রাজশাহী, এক জন করে মোট তিন জন খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের এবং তিন জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ১৯২ জনের মধ্যে ৫ হাজার ৪৮৯ জন পুরুষ এবং ১ হাজার ৭০৩ জন নারী। এর মধ্যে ৩ হাজার ৯২৬ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৩৩৮ জন চট্টগ্রাম, ৪২২ জন রাজশাহী, ৫১৩ জন খুলনা, ২৩১ জন বরিশাল, ২৮১ জন সিলেট, ৩২৫ জন রংপুর এবং ১৫৬ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।