অবশেষে ডিএনএ টেস্টে ধরা পড়ল পীরগঞ্জে ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার আসামি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

অবশেষে ডিএনএ টেস্টে ধরা পড়ল ধর্ষণ ও হত্যা মামলার আসামি টেক্কা। দীর্ঘ প্রায় সাত বছর পর রংপুরের পীরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি, গ্রেফতার করেছে মামলার অন্যতম আসামি হাসানুর জামান শিপন ওরফে টেক্কাকে। গত বুধবার রংপুরের সিআইডি পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির পুলিশ সুপার মিলু মিয়া।

তিনি জানান, পীরগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের নবম শ্রেণির ঐ স্কুলছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে একাধিকবার ধর্ষণ করে তার চাচাতো ভাই হাসানুর জামান শিপন ওরফে টেক্কা। এক পর্যায়ে ঐ স্কুলছাত্রী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ২০১৪ সালের ১০ এপ্রিল টেক্কা মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় হত্যা মামলা হয়। মামলায় ছয়বার পুলিশের তদন্ত কর্মকর্তা বদল হয় কিন্তু রহস্য উন্মোচন হয় না। অবশেষে মামলার তদন্তভার সিআইডি পুলিশের ওপর ন্যস্ত করা হলে তারা সন্দেহভাজন প্রধান আসামি মেয়েটির চাচাতো ভাই হাসানুর জামান শিপন ওরফে টেক্কার ডিএনএ টেস্ট করে। এর মাধ্যমে ঘটনার সঙ্গে প্রধান আসামির সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হলে সিআইডি পুলিশ টেক্কাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টেক্কা ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সিআইডি পুলিশ জানায়।