নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন আসামি স্থানীয় মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৫)। গতকাল জামিন শুনানিকালে হাইকোর্ট এ মামলার চার্জশিট তলব করেন। আসামি পক্ষের কৌঁসুলিকে ঐ চার্জশিট আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে সোহাগ মেম্বারের পক্ষে আইনজীবী অজিউল্লাহ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন।
গত ১৫ নভেম্বর নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন প্রকাশ দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। সোহাগ মেম্বারও মামলার চার্জশিটভুক্ত আসামি। আইনজীবী অজিউল্লাহ শুনানিতে সোহাগ মেম্বারের জামিন চান। তখন ডিএজি বলেন, এই ঘটনা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তখন আদালত, আমরা তো দেখেছি মামলার চার্জশিট হয়েছে। আসামির আইনজীবী বলেন, আমার বিরুদ্ধে ২০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। এরপরই হাইকোর্ট বলেন, আপনি মামলার চার্জশিট নিয়ে আসুন। এরপর জামিন আবেদন শুনব।
