মুম্বাইয়ে বাংলাদেশি বার কর্মীর পচাগলা লাশ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫৮

প্রায় তিন সপ্তাহ পর এক বাংলাদেশি তরুণীর পচেগলে যাওয়া লাশ উদ্ধার করেছে মুম্বাই পুলিশ। ভারতের মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক বাংলাদেশিকে যুবককে গ্রেফতার করা হয়। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নিহত ওই তরুণীর নাম লিপি সাগর শেখ ওরফে রিনা শেখ (২৬)। তিনি মুম্বাইয়ে বার গার্ল হিসেবে কাজ করতেন। তবে গ্রেফতার যুবকের নাম জানা যায়নি।  

ভারতের অপর সংবাদমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ওই সন্দেহভাজন যুবক একজন অবৈধ অভিবাসী। তিনি ওই তরুণীর সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন। তরুণীও অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। 

পুলিশ সন্দেহ করেছে যে, তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু অন্য পুরুষের সঙ্গে রিনার সম্পর্ক থাকার সন্দেহে তার প্রেমিক তাকে প্রায় তিন সপ্তাহ আগে হত্যা করে এবং লাশ বাসার ভেতর রেখে বাইরে থেকে তালা আটকে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে মুম্বাইয়ের নাভির কলম্বোলিতে। সেখানেই ৭ ডিসেম্বর একটি অ্যাপার্টমেন্টে ওই তরুণীর লাশ পাওয়া যায়। 

ওই অ্যাপার্টমেন্টে রিনা ও অন্য দুই বাংলাদেশি নারীও বসবাস করছিলেন। কিন্তু লকডাউনের সময় তাদের চাকরি চলে যায়। এ অবস্থায় অন্য দুই নারী বাংলাদেশে চলে আসেন। তারা দেশে ফিরে আসার পর রিনা ও তার প্রেমিক একই ছাদের নীচে বসবাস শুরু করেন। 

এক সময় বাংলাদেশি ওই দুই নারী আবারও মুম্বাই ফিরে যান। তারা বাসায় ফিরে গিয়ে দেখতে পান দরজা বাইরে থেকে তালা দেওয়া। তখন তারা রিনাকে ফোন করেন। কিন্তু তার ফোন তখন বন্ধ ছিল। এ অবস্থায় তারা বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেন। তার কাছে চাবি চান। কিন্তু রিনা শেখ সেখানে বসবাস করছিলেন বলে ওই বাসার চাবি বাড়িওয়ালার কাছে ছিল না। 

এ অবস্থায় তারা বাড়িটির ব্রোকারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের কাছে দরজা খোলার বিকল্প চাবি ছিল। দরজা খুলে তারা রিনার লাশ দেখতে পান। 
পুলিশ গিয়ে রিনা শেখের অর্ধগলিত লাশ উদ্ধার করে। 

প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতার বাংলাদেশি ওই যুবকের সঙ্গে প্রেম ছিল রিনার। রিনাকে হত্যার জন্য তাকে সন্দেহ করছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলা করেছে তারা। 

ইত্তেফাক/জেডএইচ