ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০০:১৩

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট দপ্তর এ তথ্য জানিয়েছে। ৪২ বছর বয়সি ম্যাক্রোঁ উপসর্গ দেখা দেওয়ার পরই নমুনা পরীক্ষা করান। সাত দিনের আইসোলেশনে রয়েছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্যালেস গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে,  আইসোলেশনে থেকেই তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। চলতি সপ্তাহে করোনা সংক্রমণরোধে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ফরাসি কর্তৃপক্ষ। এলিসি প্যালেসের বিবৃতিতে আরো বলা হয়, কার সংস্পর্শে ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হয়েছেন, তা জানা যায়নি। সম্প্রতি তিনি যাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন তাদের কারো থেকেই ম্যাক্রোঁ আক্রান্ত হয়েছেন।

প্রেসিডেন্ট দপ্তর জানায়, তারা সম্ভাব্য ব্যক্তিদের শনাক্তে তদন্তের কাজ করছে। করোনা আক্রান্ত হওয়ায় ম্যাক্রোঁর ২২ ডিসেম্বর লেবানন সফর বাতিল করা হয়েছে। গত বুধবার পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তার সঙ্গে দাপ্তরিক মধ্যাহ্নভোজে অংশ নেন ম্যাক্রোঁ। অতি সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও সাক্ষাত্ করেন তিনি। ৫৫ বছর বয়সি ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স সেলফ আইসোলেশনে আছেন। ম্যাক্রোঁর ৬৭ বছর বয়সি স্ত্রী ব্রিজিত নমুনা পরীক্ষা করেছেন কি না, এ বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও কোয়ারেন্টাইনে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কোয়ারেন্টাইনে গেছেন। করোনা ভাইরাসে সংক্রমিত কোনো এক ব্যক্তির সংস্পর্শে (কন্ট্যাক্ট) এসেছিলেন পম্পেও। এর পরই তিনি কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত নেন।