গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। বেলা ৩টার দিকে মার্কেটের ডান দিকের ৩৪টি দোকান উচ্ছেদের ওপর তিন মাসের স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট। এসব দোকান মালিকদের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। এছাড়া দোকান উচ্ছেদে সিটি করপোরেশনের নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে বদরুদ্দোজা বাদল, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী শুনানি করেন।
হাইকোর্টের আদেশের বিষয়ে ডিএসসিসির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, ৩৪টি দোকানের বিষয়ে কোর্টের আদেশ পর্যালোচনা করে ফের উচ্ছেদ শুরু হবে। আপাতত উচ্ছেদ স্থগিত করা হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গা, শৌচাগার, লিফট থেকে শুরু করে খোলা জায়গায় যত্রতত্র দোকানপাট গড়ে তোলা হয়েছে। মার্কেটের চারতলা পর্যন্ত বৈধ হলেও অনুমতি ছাড়াই পাঁচতলায় অবকাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, এই বিপণিবিতানে ছয় শতাধিক নকশাবহির্ভূত দোকান রয়েছে। মূল নকশার বাইরের অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ দিয়ে ১৪ ডিসেম্বর ঐ সব দোকান উচ্ছেদের ঘোষণা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
গতকাল মার্কেটের সামনের সড়ক বন্ধ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনটি এক্সকাভেটর দিয়ে প্রায় ৬০টি অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। তবে অন্যদিকে ব্যবসায়ীরা এর প্রতিবাদে মানববন্ধন করেছেন। তারা বলছেন, দোকান বৈধ করার আশ্বাস দিয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের নাম ভাঙিয়ে অনেক নেতা তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। তারা তাদের বিচারের দাবি করেন এবং দোকান ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এর আগে ৮ ডিসেম্বর থেকে গুলিস্তান এলাকায় ‘ফুলবাড়িয়া সুপার মার্কেট ২’ নামের আরেকটি মার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে অভিযান শুরু করে ডিএসসিসি।
