নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মানুষ যেরকম করে জাগছে। আমি এটা আশা করি, এটা অলীক আশা করছি না। আপনারাও দেখছেন, মানুষ প্রতিবাদমুখর হচ্ছে, মানুষ এটা চায় না। মানুষ ঘুরে দাঁড়াতে চায়। আমাদের তাদের নিয়েই ঘুরে দাঁড়াতে হবে। তাহলে আমরা জিতে যাব।’ মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির উদ্যোগে আয়োজিত ‘স্বাধীনতা আজ বিপর্যয়ে, নৈতিকতা অবক্ষয়ে, মানবতা বিপন্ন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, এখন লড়াইয়ের সৈনিক যেমন আমি, আপনারা যারা এই অনুষ্ঠানে বসে বসে শুনছেন তারাও। সবাই মিলে এক সঙ্গে দাঁড়িয়ে বলি— সুষ্ঠু ভোট দিতে হবে, না হলে মানব না। সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, উন্নয়ন মানে কিন্তু শুধু কালভার্ট, ব্রিজ আর ফ্লাইওভার নয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিত্সা, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামের পুরো লড়াইটা ছিল সেরকম একটা উন্নত জীবন ব্যবস্থা পাওয়ার জন্য। আমাদের পুরো লড়াইটাই ছিল আমরা বাংলাকে সোনার বাংলা করে গড়ে তুলব। এখন সোনার বাংলা করব কী? সোনা তো সব তামা হয়ে গেছে। সবগুলো ব্যাংক ফোকলা হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে সোনা চুরি যায়, ডলার চলে যায়—কিছু করতে পারে না। সারা পৃথিবী জানে বাংলাদেশে গণতন্ত্র নেই, কিচ্ছু নেই।
এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে আলোচনাসভায় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামী ঐক্যজোটের একাংশের ভাইস চেয়ারম্যান শওকত আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
