কৌশলগত অংশীদার ও বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের সহযাত্রী চীন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০০:২৩

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ যখন সোনার বাংলা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে, তখন চীন কৌশলগত অংশীদারের পাশাপাশি বিশ্বস্ত বন্ধু হিসেবে সব সময় বাংলাদেশের সহযোগী হয়ে আছে এবং ভবিষ্যতে প্রতিটি উদ্যোগে এই অবস্থান অব্যাহত রাখবে। বাংলাদেশের ভবিষ্যত্ প্রতিটি প্রচেষ্টাতেও পাশে থাকবে চীন। বিজয় দিবস  উপলক্ষ্যে বুধবার ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাঙালি জাতির এই গৌরবময় দিনে, আমি চীনের সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্যারিশম্যাটিক নেতৃত্বেই সম্ভব হয়েছিল। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোলমডেল হয়ে বাংলাদেশ এখন একটি আশ্চর্যজনক দেশ হয়ে দাঁড়িয়েছে। তিনি তার পিতার মতো একের পর এক জাতীয় অর্জনের মাধ্যমে বিশ্বকে অবাক করে দিয়েছেন, যা অনেকেই অসম্ভব বলে মনে করেছেন।

চীনা রাষ্ট্রদূত আরো বলেন, সর্বোপরি নজিরবিহীন কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও সামাল দেওয়ার ক্ষেত্রে তার (শেখ হাসিনার) নেতৃত্ব সত্যি অসাধারণ। দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারে শেখ হাসিনার উদ্যোগগুলোর প্রভাবে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সুফল পেতে শুরু করেছে। রাষ্ট্রদূত তার বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! চীন-বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক চিরকাল’ বলে।