ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৭:৫৩

ভারতের রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার মধ্যরাতে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার গুরুগ্রাম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূগর্ভের ৭.৫ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময়  রাত ১১টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লিতে। প্রায় সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দিল্লি ছাড়াও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

ভারতের পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে দিল্লি চতুর্থ সর্বোচ্চ অঞ্চলে রয়েছে। ভূমিকম্পের জন্য দিল্লি সবসময় ঝুঁকিপূর্ণ। তবে ভূমিকম্পের উত্‍‌সস্থল হিসেবে দিল্লিকে খুব একটা দেখা যায় না। মধ্য এশিয়া বা হিমালয় অঞ্চলে ভূমিকম্প হলে তার প্রভাবে নড়েচড়ে ওঠে দিল্লি।

ইত্তেফাক/টিআর