চারঘাটে বৃদ্ধকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১১:১৯

চুরি করতে দেখে ও চিনে ফেলায় রাজশাহীর চারঘাটে মানসুর রহমান (৭০) নামে বৃদ্ধকে খুনের রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। রাতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, চারঘাটের সলুয়া ইউপির দৌলতপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে রোমান হোসেন সেতু (২১) ও মোজাম্মেল হকের ছেলে আকাওয়াদ শাওন (২৭)। 

গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ৮টার দিকে নিজ বাসায় খুন হন চারঘাটের শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মানসুর রহমান। তিনি ওই গ্রামের-মৃত হবিবর রহমানের ছেলে। জেলা পুলিশের মুখপাত্র জানান, ঘটনার রাতেই চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি নূরে আলম ও চারঘাট মডেল থানা পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেফতার এবং এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। 

জানা যায়, মূলত অর্থের লোভেই হত্যাকাণ্ডটি ঘটায় এই দুই যুবক। তারা দু’জনই স্থানীয় বখাটে এবং বিভিন্ন অপকর্মে জড়িত। মৃত মানসুর রহমান এলাকায় তার নিজ বাড়িতে একাই থাকতেন। আটক দু’জন এ সুযোগে তার বাসায় চুরির পরিকল্পনায় প্রবেশ করে। পরিকল্পনার অংশ হিসাবে শাওনের সহায়তায় আসামি সেতু সীমানা প্রাচীর টপকিয়ে বাসার ভিতরে প্রবেশ করে। এ সময় শাওন বাসার বাইরে অবস্থান করে। মৃত মানসুর তার রুমের দরজা খুলে বাথরুমের দিকে গেলে সুযোগ বুঝে সেতু বৃদ্ধার ঘরে ঢুকে বিছানা, টেবিলের ড্রয়ার ওলট-পালট করে টাকাসহ মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। বিষয়টি মানসুর রহমান টের পেলে রুমে কে কে বলে চিৎকার জুড়ে দেয়। এ সময় সেতু বৃদ্ধ মানসুরকে জাপটে ধরে এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার হাতে থাকা এন্টি-কার্টার দিয়ে গলায় আঘাত করে রক্তাক্ত জখম করে সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয় মানসুর রহমানের। 

এদিকে জবানবন্দি শেষে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি