শিবচরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৮:২৬

মাদারীপুরের শিবচরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হিড়িক পড়েছে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছেনা এই চুরি। সম্প্রতি নতুন করে বাঁশকান্দি  ও ভান্ডারিকান্দি ইউনিয়ন থেকে আরও দুইটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে উপজেলায় গেলো তিন মাসে সাতটি ইউনিয়নে ১৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলো। ফলে এখনও একটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ অন্ধকারে রয়েছে কয়েক শত পরিবার। 

সরেজমিন ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারীকান্দি ও বাঁশকান্দি ইউনিয়নে নতুন করে গত মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাতে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। একই রাতে পশ্চিম বাঁশকান্দি এলাকা থেকে ট্রান্সফরমার চুরি করার সময় গভীর রাতে জনগণের ধাওয়া গেয়ে পালিয়ে যায় একটি সংঘবদ্ধ চোর চক্র। এর আগে উপজেলার বাঁশকান্দি, নিলখী, উমেদপুর, শিরুয়াইল, বরেহাতলা দক্ষিণ, ভান্ডারিকান্দি ও পাশের সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে গেলো তিন মাসে আটটি ইউনিয়নে পল্লী বিদ্যুতের ১৯টি  ট্রান্সফরমার চুরি হয়েছে। যার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। নতুন ট্রান্সফরমারের জন্য ভর্তুকির টাকা যোগাতে হিমশিম খাচ্ছে এসব এলাকার অনেক পরিবার। 

বাঁশকান্দির নুরুজ্জামান কাজী বলেন, আমাদের এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ার ভয়ে শিকল দিয়ে খুঁটির সঙ্গে আটকে রেখেছিলাম। তবুও চুরি হওয়া থেকে রক্ষা করতে পারিনি। এখন আমরা অর্ধ শতাধিক পরিবার অন্ধকারে বসবাস করছি। আর নতুন করে ট্রান্সফরমার আনার ভর্তুকির টাকাও যোগাতে পারবে না অনেক পরিবার। আমাদের এখানে সবাই কৃষক, ভ্যান চালক, দিনমজুর। আমার এখন বড়ো আতঙ্কে আছি।

বহেরাতলার আফজাল হোসেন বলেন, রাতের বেলা পুলিশের টহল জোরদার করলে চুরির ঘটনা ঠেকানো সম্ভব। 

আরও পড়ুন: জলাশয়ে বাঁধ দেওয়া নিয়ে বিরোধ, মাইকে ঘোষণা দিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষ

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির (শিবচর জোনাল অফিস) ডিজিএম মো. আকমাল হোসাইন বলেন, চুরি ঠেকাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছি। জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং করেছি। 

এবিষয়ে মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন বলেন, শীত ও ঘন কুয়াশায় একটি চক্র সক্রিয় হয়েছে। শুধু ট্রান্সফরমার নয়, তারা বিভিন্ন জায়গায় চুরি করছে। চক্রটিকে ধরা ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসি