অণুগল্প

এক বৈশাখে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২০:০৯

 

এক বৈশাখীমেলায় প্রচণ্ড ভিড়ে তুমি দলবিচ্ছিন্ন, উদ্ভ্রান্ত, দিশেহারা।

আমি তোমার সঙ্গী নই, পরিচয় নেই, তবু আচম্বিতে আমার নিঃসঙ্গ হাতটাকে তুমি আঁকড়ে ধরলে। আমার চোখে চকিত বিস্ময়, অথচ তুমি নির্ভয়। বললে, হারিয়ে গেছি আমি।

উপচানো ভিড় উজিয়ে দুজনে কত হাঁটাহাঁটি, আমার শক্ত হাতের ভেতর তোমার সুকোমল গোলাপ-হাত যেন তোমার সান্ধ্যবুকের সুগন্ধি নিশ্বাস, পরম বিশ্বাস।

এ যেন এক অবিনশ্বর স্বর্গে আমাদের স্বপ্ন-ভ্রমণ।

এখন আমরা মেলার স্রোত আর কোলাহলের বাইরে শান্ত নির্জন পথের ধারে, দুজনে মুখোমুখি। এখানে সিনেমার চিত্রনাট্য নেই, বিদায়ী সংলাপ নেই। আমরা কেউ কারো নাম, পরিচয় জিজ্ঞেস করিনি। শুধু ওর চোখের তারায় কী যেন একটা কথা—বলি বলি করেও বলল না। আমি ওর হাত ছেড়ে দিলাম, যেন বুকের ভেতর নিভিয়ে দিলাম শহরের যাবতীয় বৈশাখী আলো।

ও রিকশায় ওঠার আগে আমার দিকে ঘুরে তাকাল। মৃদুস্বরে বলল, এক বৈশাখে দেখা হলো, সামনে আর কোনো বৈশাখে কি দেখা হবে?

আমি বললাম, সামনের বৈশাখীমেলায় আমি তোমার মতোই হারিয়ে যাব। তুমি মেলা থেকে আমাকে খুঁজে নিয়ো।

আমি আর কোনোদিন কোনো মেলায় যাইনি। ও কি গিয়েছিল? আমাকে খুঁজেছিল? জানি না।

এক মেলার স্মৃতিটুকু পদ্মপাতায় একফোঁটা শিশিরবিন্দুর মতো না হয় জমাই রইল।