মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে গোয়ালন্দের ৫ বেকার যুবকের কাছ থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে বুধবার গোয়ালন্দ ঘাট থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দুপুরে অভিযান চালিয়ে চর খানখানাপুর বকু মাতুব্বর পাড়ার মোন্তাজ প্রামাণিক (২৫) ও একই গ্রামের সুমন শেখকে (২৩) গ্রেফতার করেছে।
অভিযোগকারী যুবকরা হচ্ছেন- গোয়ালন্দ উপজেলা ছোটভাকলা ইউনিয়নের দেলোয়ার সরদার (৩৬), আনিচ সরদার (২৫), সুজাত শেখ (৩০), রাজীব (২৫) ও আলমাস (২৫)।
অভিযোগকারী দেলোয়ার সরদার জানান, কথা রাখতে ব্যর্থ হলে আমরা মোন্তাজ প্রামাণিকের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিচার দাবি করি। সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হই।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা প্রধান আসামি মোন্তাজসহ ২ জনকে আটক করেছি। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।
