বিশ্ব জুড়ে ২২০০ কর্মী ছাঁটাই করবে কোকা-কোলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২০:৫৬

বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২ হাজার ২০০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোকা-কোলা। করোনা ভাইরাস মহামারিতে আয় কমে যাওয়ায় নতুন পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এসব কর্মীকে চাকরিচ্যুত করছে আটলান্টাভিত্তিক এই বহুজাতিক সংস্থাটি।

২০১৯ সালের শেষে বিশ্ব জুড়ে কোকা-কোলার কর্মী ছিল প্রায় ৮৬ হাজার। চলতি বছর মহামারির মধ্যে আয় কমে যাওয়ায় চাপে পড়ে প্রতিষ্ঠানটি। কোকের আয় আসে প্রধানত মানুষ বাড়ির বাইরে বেভারেজ পান করতে যে খরচ করে, সেখান থেকে। এ বছর সামাজিক দূরত্বের বিধিনিষেধের কারণে বিশ্বের বেশির ভাগ জায়গাতেই বন্ধ বার, রেস্টুরেন্ট ও সিনেমা হলগুলো। মূলত এসব জায়গাতেই কোকা-কোলার পণ্য বেশি বিক্রি হয়। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের সর্বশেষ প্রান্তিকে তাদের আয় হয়েছে ৮৬৫ কোটি মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৯ শতাংশ কম। এই আঘাত সামলাতে সম্প্রতি ব্যয় ব্যবস্থা পুনর্গঠনের পরিকল্পনা নেয় সংস্থাটি। ইতিমধ্যেই কোকা-কোলা তাদের ৪৩০টি ব্র্যান্ড পণ্যের মধ্যে ২০০টির ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। জনপ্রিয় ও ক্রমবর্ধমান চাহিদা সম্পন্ন পণ্যগুলোতেই এখন অধিক গুরুত্ব দিচ্ছে তারা।    —বিবিসি