বিবিসি
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বোর্ডিং স্কুল থেকে গত সপ্তাহে অপহূত ছাত্রদের বেশির ভাগই ছাড়া পেয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কাটসিনা রাজ্য গভর্নরের এক মুখপাত্র জানান, অপহূত ৩৪৪ ছাত্র ছাড়া পেয়েছে এবং সবার অবস্থাই ভালো। ঐ ছাত্ররা কীভাবে ছাড়া পেল তা জানা সম্ভব হয়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু ছাত্র এখনো অপহরণকারীদের জিম্মায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ঐ বোর্ডিং স্কুলে হামলার দায় স্বীকার করেছিল; পরে তাদের প্রকাশিত একটি ভিডিও বার্তায় অপহূত স্কুল ছাত্রদের কয়েক জনকে দেখাও যায়। রাজ্য গভর্নরের মুখপাত্র আবদুল লাবারান এক বিবৃতিতে বলেছেন, ছাড়া পাওয়া ছাত্রদের আঞ্চলিক রাজধানী কাটসিনা সিটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং শিগিগরই তারা পরিবারের সঙ্গে পুনরেকত্রিত হবে। কর্তৃপক্ষ এর আগে অপহূত ছাত্রদের সংখ্যা কম বলেছিল। বার্তা সংস্থা রয়টার্সকে কাটসিনার গভর্নর আমিনু বেল্লো মাসারি বলেন, বেশির ভাগ ছাত্রকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে সবাইকে উদ্ধার করা যায়নি। ভালো খবর এই যে, অপহূতদের কেউ নিহত হয়নি। তিনি বলেন, জঙ্গি সংগঠন বোকো হারামের ভিডিও বার্তায় কয়েক জন নিহত হওয়ার খবর প্রচার করা হলেও তার কোনো ভিত্তি নেই। আমরা যতদূর জানতে পেরেছি এ ঘটনায় কেউ নিহত হয়নি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট এক টুইট বার্তায় বলেছেন, গোটা দেশ এক গভীর উদ্বেগের মধ্যে ছিল। এখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।
