বিবিসি
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার টিকাকে জরুরি অনুমোদন দিতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের একটি বিশেষজ্ঞ প্যানেল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ঐ প্যানেল ১৮ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে ব্যবহারে টিকাটিকে ছাড়পত্র দেওয়ার পরামর্শ দেয়।
বিশেষজ্ঞদের এ সুপারিশের ফলে এফডিএ শিগিগরই টিকাটিকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেবে বলে অনুমান পর্যবেক্ষকদের। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে এ টিকার প্রয়োগ শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রাণঘাতী করোনা বাইরাসে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কয়েক দিন ধরেই ফাইজার/বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। গত সপ্তাহে একই বিশেষজ্ঞ প্যানেল ফাইজারের এ টিকাকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করায় পরদিনই এফডিএ ভ্যাকসিনটির জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছিল। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলো চলতি সপ্তাহে মডার্নার ভ্যাকসিনকে নিরাপদ ও ৯৪ শতাংশ কার্যকর বলার পরই টিকাটি নিয়ে বিশেষজ্ঞদের এ সুপারিশ এলো।
যুক্তরাষ্ট্রের প্রশাসন এরই মধ্যে মডার্নার এ টিকার ২০ কোটি ডোজ কিনতে সম্মতি দিয়েছে। এর মধ্যে ৬০ লাখ ডোজ এফডিএর অনুমোদন পাওয়ার পরপরই সরবরাহ করা হতে পারে। মডার্নার টিকা সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় (মাইনাস দুই থেকে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস) ৩০ দিন সংরক্ষণ করা যাবে। আর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে ছয় মাস। যে কারণে এটি বিতরণ করা ফাইজারের টিকার তুলনায় বেশি সহজ হবে।
