বিজয়ীর আচরণ যেন কারো বিরক্তির কারণ না হয় :তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:২৬

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের বিজয় যেমন বিশাল, প্রতিপক্ষের পরাজয়ও তেমন ধস নামানো। আর এমন ধসে যাওয়া পরাজয়ের পর মুখরক্ষার জন্যই সংলাপের দাবি তাদের। মুখ থুবড়ে পড়া বিএনপি-জামায়াতের পরাজিত নেতারা যখন আইসিইউতে, তখন তাদের অক্সিজেনের ভূমিকা নিয়েছে অনেকে।’

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আজকের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘কাঁধে দায়িত্ব এলে বিনয়ী ও নম্র হতে হয়, বিজয়ীর আচরণ যেনো কারো বিরক্তির কারণ না হয়। বিজয়ের পর যেভাবে আমরা নেত্রীর নির্দেশ মেনে চলেছি, তা বজায় রাখতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত। প্রধান বক্তা হিসেবে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

‘ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যেই ঐক্য নেই’

সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, অপর এক অনুষ্ঠানে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যেই ঐক্য নেই। তাই তারা কিসের সংলাপ করবে তা আমাদের জানা নেই। গতকাল সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।