প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
করোনার সময়ে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফিসহ সব ধরনের ফি মওকুফ করার দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। একই সঙ্গে প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে মনিটরিং সেল গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো খুলে পরীক্ষা নেওয়ার রোডম্যাপ ঘোষণা করাসহ সাত দফা দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এসব দাবি জানায় তারা। এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নৃেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয়সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন। এর আগে জোটের নেতৃবৃন্দ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তাদের অন্য দাবিগুলো হলো—করোনাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ করা, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও অ্যাসাইনমেন্টের নামে বিভিন্ন বিদ্যালয়ে আদায়কৃত ফি ফেরত দেওয়া, বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অছাত্রদের বিতাড়ন করে গণরুম প্রথা উচ্ছেদ, সব বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক কোর্সসমূহ বন্ধ, পাঠ্যপুস্তকের সংশোধনী বাতিল ও ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ এবং সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ও ডিজিটাল আইন বাতিল করা। একই সঙ্গে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
