কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছয়টি অবৈধ করাতকল ফের চালু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী বোয়ালী বিটের সরকারি বনাঞ্চলের বড়ইবাড়ী এলাকায় ছয়টি অবৈধ করাতকলে অভিযান চালান। এ সময় অবৈধভাবে স্থাপিত ঐসব করাতকলের মালামাল জব্দ ও কল বন্ধ রাখার নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত। তা অমান্য করে এক দিন পরই ফের চালু করা হয় ঐসব করাতকল। এ ব্যাপারে ডিএফও মো. ইউছুপ হোসেন বলেন, অতিদ্রুত অবৈধ করাতকলের বিরুদ্ধে পুনরায় অভিযান পরিচালনা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, খুব দ্রুত অবৈধ করাতকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
