মানিকগঞ্জ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জনসাধারণকে সচেতন করার জন্য বিনা মূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। বৃহস্পতিবার সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে এই সামাজিক কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অ্যাম্বাসেডর (দূত) কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমিন, রমনা রেজিমেন্টের কমান্ডার কর্নেল রাহাত নেওয়াজ, ব্যাটালিয়ান অ্যাডজুট্যান্ট মেজর সোমেন কান্তি বড়ুয়া। আলোচনাসভা শেষে শীতবস্ত্র, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও মশারি বিতরণ করা হয়। পরে কোভিড-১৯ ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে শহরে শোভাযাত্রা বের করা হয়।
