অস্ত্রসহ গ্রেফতার ৪
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মোহাম্মদপুরের বৈশাখী রোডের একটি বাসায় ইব্রাহিম নামের এক মাদক ব্যবসায়ীর গুলিতে এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। সে সময় তার গালে কামড়ও বসায় দুর্বৃত্ত। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম। এ ঘটনায় ইব্রাহিমসহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে।
ঘটনা সম্পর্কে আবদুল আলিম বলেন, পুলিশ জানতে পারে বৈশাখী রোডের একটি বাসায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সকাল ৯টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় ইব্রাহিম নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে তা এএসআই মো. উজ্জ্বলের হাঁটুতে লাগে।
দুটি ক্ষত স্থান দেখা যাচ্ছে। মনে হচ্ছে, দুটি গুলি লেগেছে। ঐ দুর্বৃত্ত উজ্জ্বলের গালে কামড়ও দিয়েছে। ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে সে সময় ইব্রাহিমের আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গুলিবিদ্ধ এএসআই মো. উজ্জ্বলকে তাত্ক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে অস্ত্রোপচার করা হবে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন বলেন, ইব্রাহিমকে আটক করে তার রিভলবারটি কেড়ে নেওয়া হয়। সে সময় উজ্জ্বলের গালে কামড় দেয় ইব্রাহিম। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার সময় ইব্রাহিম আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিমের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
