টঙ্গীতে দুই দিনব্যাপী জোড় ইজতেমা আজ সমাপ্ত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২১:৫১

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের ৫৬তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন করতে গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয়েছে দুই দিনব্যাপী জোড় ইজতেমা। আজ শনিবার বেলা ১১টায় সমাপ্ত হবে এবারের সংক্ষিপ্ত জোড় ইজতেমা।

অন্যান্য বছর এ ইজতেমা পাঁচ দিনব্যাপী হলেও এবার করোনা পরিস্থিতির কারণে দুই দিনের জন্য অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আয়োজক কমিটির মিডিয়া সদস্য মুফতি জহির ইবনে মুসলিম জানান, শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে আয়োজিত এই ইজতেমায় (পরামর্শমূলক সভা) ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী চার জেলার মোট ৪ হাজার তিন চিল্লার সাথীরা অংশ গ্রহণ করেছেন।

তিনি জানান, প্রতিটি জেলায়ই পৃথকভাবে জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুধু ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ জেলার তিন চিল্লার সাথীরা শুক্র ও শনিবার বিশ্ব ইজতেমা ময়দানে অংশ গ্রহণ করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম দফা ও ১৫, ১৬, ১৭ জানুয়ারি দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১১টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।