সাভারে বকেয়া-বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ বিক্ষোভ করা হয়। পরে অংশগ্রহণকারীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।

আশুলিয়ার মির্জানগর এলাকায় অবস্থিত স্কাইল্যাক্স অ্যাপারেলস লিমিটেড কারখানার মালিক নাছিরুল ইসলাম পান্না বিদেশে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন সমাবেশে উপস্থিত শ্রমিকরা। কারখানাটির জ্যাকার্ড অপারেটর নাজমুল ইসলাম বলেন, চার বছর ধরে তিনি ঐ কারখানায় কাজ করেন। গত ১০ ডিসেম্বর সকালে কাজে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। তখন মালিক নাছিরুল ইসলাম পান্নার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাননি। গত দুই বছর ধরে আর্থিক অনটনের কথা বলে তাদের বেতন থেকে ২ হাজার টাকা কেটে নিতেন মালিক। এ ছাড়া ৫০০ শ্রমিকের এক মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। শ্রমিকদের পাওনা না দিয়ে গা ঢাকা দিয়েছেন কারখানা মালিক। জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, কোনো কারণ না দেখিয়ে কারখানা বন্ধ করে মালিক পালিয়েছেন। শ্রম আইনের ১৬, ২৫ ও ৩২ ধারা উল্লেখ করে নোটিশ টানিয়েছে। এই ধারায় কারখানা বন্ধ করার নিয়ম নেই। শ্রমিকরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিএমইএ ও কলকারখানা অধিদপ্তরে চিঠি দিয়েছে। তারা দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে।