ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমরাইল উত্তরপাড়া এলাকার বাসিন্দা এনজিওকর্মী ইসমাইল হোসেনকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ইসমাইল হোসেনকে গত ১৫ আগস্ট দুপুরে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের মধ্যে রাজিব নামে এক জনকে জনতা হাতেনাতে আটকের পর পুলিশে সোপর্দ করে। রাজিব হোসেন একই এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে। মানববন্ধনে অংশ নিয়ে নিহত ইসমাইল হোসেনের ভাই জামিল হোসেন বলেন, ‘যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই।’ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন যাদবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজান প্রমুখ।
