বিজয় দিবসে জিয়াউর রহমানের ভাষণ বাজানোয় অধ্যক্ষ অপসারণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাষণ বাজিয়ে পদ থেকে অপসারিত হলেন রাজশাহীর তানোর উপজেলার সরকারি আব্দুল করিম সরকার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ। ১৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো তাকে অপসারণের আদেশে স্বাক্ষর করেন।

ইউএনওর আদেশে বলা হয়, ‘দায়িত্ব ও প্রশাসনিক কাজে অবহেলার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজকে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে অব্যাহতি প্রদান করা হলো। একই আদেশে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুল আজিজকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, বিজয় দিবসের সকালে শিক্ষক-কর্মচারীরা কলেজ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ঐ সময় কলেজের নিজস্ব সাউন্ড সিসটেমে বাজতে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ। বিষয়টি প্রথমে কেউই খেয়াল করেনি। তবে পাশের গোল্লপাড়া বাজারে অবস্থানকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাষণ শুনে কলেজে ছুটে এসে সেটির প্রচার বন্ধ করেন। কীভাবে এমন ঘটনা ঘটল? জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, মঙ্গলবার কলেজের পিয়ন আরিফ ও ফুলকুমারকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি মেমোরি কার্ডে তুলে আনতে স্থানীয় মাইক সার্ভিসে পাঠানো হয়। সেখান থেকে বঙ্গবন্ধুর ভাষণের পরিবর্তে জিয়াউর রহমানের ভাষণ দেওয়া হয়। বিষয়টি তারা আগে বুঝতে পারেননি, তাই ভুল হয়ে গেছে।