গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে নেশা করার জন্য টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে ছাদেকুল ইসলামের ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিউল ইসলাম একই ইউনিয়নের কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের মৃত বাছের উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, মাদকাসক্ত ছাদেকুল বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু তার বাবা টাকা দিতে অসম্মতি প্রকাশ করেন। এতে ছাদেকুল ক্ষিপ্ত হয়। তিনি আরো জানান, সন্ধ্যার দিকে শফিউল ইসলাম রওশনবাগ বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ছাদেকুলও বাবার পেছনে রওনা হয়। শফিউল বাজারের অদূরে পৌঁছলে ছাদেকুল পেছন থেকে এসে তার পেটে-বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শফিউলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাটের লোকজন ধাওয়া করে ছাদেকুলকে আটক করে। খবর পেয়ে পুলিশ ছাদেকুলকে থানায় নিয়ে আসেন। এনিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
