ভোটের লড়াই জমে উঠেছে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৯

চাটমোহর ও ফুলবাড়ী পৌরসভা নির্বাচন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

আগামী ২৮ ডিসেম্বর চাটমোহর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ভোটের লড়াই জমে উঠেছে। বসে নেই কোনো প্রার্থী। কাকডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রচারণা আর ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা। দুপুরের পর থেকে মাইকের শব্দে কান হচ্ছে ঝালাফালা। মাইকের শব্দে অতিষ্ঠ পৌরবাসী। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে এমপি, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ জেলা পর্যায়ের নেতারা প্রচারণায় অংশ নেওয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে। ১৯৯৭ সালের ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত চাটমোহর পৌরসভার প্রথম প্রশাসক নিয়োগ করা হয়। ঐ সময় তত্কালীন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান আহমদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২৩ বছর পার হয়েছে কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রার্থীই মেয়র নির্বাচিত হতে পারেননি। তিনবার বিএনপি এবং দুবার আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। তিনি হলেন, (সদ্য দল থেকে অব্যাহতিপ্রাপ্ত) মির্জা রেজাউল করিম দুলাল (জগ)। চাটমোহর পৌরসভার প্রথম চেয়ারম্যান প্রফেসর আবদুুল মান্নান (মোবাইল) বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ ভোটাররা ত্রি-মুখী লড়াইয়ের কথা বলছেন। বিএনপিদলীয় প্রার্থী (ধানের শীষ) আসাদুজ্জামান আরশেদও গণসংযোগ করছেন।

ফুলবাড়ীতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ খাজা মঈন উদ্দিন (নৌকা), বিএনপির প্রার্থী মো. শাহাদত্ আলী সাহাজুল (ধানের শীষ), বর্তমান মেয়র এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরতুজা সরকার মানিক (জগ) ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. মাহমুদ আলম লিটন (নারিকেল গাছ) প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা কর্মী-সমর্থকদের নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। করছেন উঠান বৈঠক ও ছোট ছোট পথসভা। বিতরণ করছেন হ্যান্ডবিল। চলছে পোস্টার-ফেস্টুনসহ মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা। মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। দুপুর থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং। পৌর এলাকায় ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ খাজা মঈন উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে পৌরবাসীর জন্য মেয়র নয়, খাদেম হিসেবে পৌরবাসীকে খেদমত করবেন। বিএনপির প্রার্থী শাহাদত্ আলী সাহাজুল বলেন, নির্বাচিত হলে ফুলবাড়ী পৌরসভাকে সব নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধার প্রতিষ্ঠানে পরিণত করা হবে। বর্তমান মেয়র এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুরতুজা সরকার মানিক, তিনি টানা দশ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয়বারের মতো নির্বাচিত হলে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাসহ ফুলবাড়ী রক্ষার আন্দোলনকে অব্যাহত রাখবেন।

সিরাজগঞ্জে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠনের একজন সক্রিয় সদস্যকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে র্যাব-১২। তার নাম মো. জুয়েল রানা (২০)। সে পাবনা জেলার সাথিয়া থানার মো. সিরাজউদ্দিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, এদিন রাতে র্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান, পিএসসি ও সদর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকারের নেতৃত্বে একটি দল তাকে জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ হানিফ হোটেলের সামনে থেকে গ্রেফতার করে।