‘পুরস্কার জেতার অনুভূতি অসাধারণ’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৫

স্পোর্টস ডেস্ক

যা অনুমান করা ছিল, সেটাই হলো। শেষ পর্যন্ত রবার্ট লেভানডভস্কির হাতেই উঠল ফিফা দ্য বেস্টের অর্থাত্ ২০২০ বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। পেছনে ফেললেন দুই মহারথি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে।

মেসি-রোনালদো যুগেও কেউ ব্যক্তিগত পুরস্কার জিতবেন, কয়েক বছর আগ পর্যন্ত সেটিকে অবিশ্বাস্য বলে মনে হতো। কিন্তু সময় চিরকাল স্থায়ী থাকে না, সেইভাবে যেন লেভানডভস্কির সময়ও বদলে গেল। যেভাবে বদলেছিল লুকা মড্রিচের। মেসি-রোনালদো যুগে পুরস্কার পাওয়ার রেকর্ডে তার সঙ্গে এবার ভাগ বসালেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড লেভানডভস্কিও।

অনন্য এই খেতাব অর্জনের পেছনে লেভানডভস্কির প্রধান হাতিয়ার বায়ার্ন মিউনিখের হয়ে করা তার ৫৫টি গোল। ক্লাবটির হয়ে গত মৌসুমে রীতিমত তাণ্ডব চালিয়েছেন তিনি। জিতেছেন পেন্টা শিরোপা—বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ, জার্মান সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও জার্মান কাপ। তাতেই পেছনে পড়ে যান মেসি-রোনালদো। নামের পাশে গোল থাকলেও কিছুটা ভাটা ছিল তাদের পারফরম্যান্সে। রোনালদো জুভেন্তাসের হয়ে সিরি আ জেতার স্বাদ পেয়েছেন বটে কিন্তু বার্সেলোনার হয়ে মৌসুমটা খালি হাতেই শেষ করেন গতবারের বর্ষসেরা মেসি।

মেসি-রোনালদো যুগে পুরস্কার পাওয়ার অনুভূতি নিয়ে ৩২ বছর বয়সি লেভানডভস্কি বলেন, ‘আমি খুবই গর্বিত এবং তৃপ্ত। আমার ও আমার ক্লাবের জন্য বড় এক দিন আজ। মেসি-রোনালদো যুগে এমন এক পুরস্কার জেতার অনুভূতি সত্যিই অসাধারণ। এর অর্থ আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কী সেটা কোনো বিষয় নয়, আপনি কী করছেন সেটাই গুরুত্বপূর্ণ।’

বর্ষসেরা ফুটবলার ছাড়াও সমালোচকদের তৈরি বর্ষসেরা একাদশে নির্দ্বিধায় জায়গা করে নিয়েছেন লেভানডভস্কি। জায়গা পেয়েছেন মেসি-রোনালদোও। বর্ষসেরার মনোনয়নের মতো এখানেও সুযোগ মিলেনি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। 

অন্যান্য বিভাগে বর্ষসেরা পুরুষ গোলকিপার হয়েছেন লেভানডভস্কির ক্লাব সতীর্থ ম্যানুয়েল নয়্যার। টানা দ্বিতীয়বার বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার জিতলেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ। তাছাড়া বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ, বর্ষসেরা নারী গোলকিপার ফ্রান্সের সারাহ বোহাদ্দি, বর্ষসেরা নারী কোচ নেদারল্যান্ডসের সারিনা উইগম্যান। ব্রাইটনের বিপক্ষে টটেনহাম তারকা সন হিউং মিনের দৃষ্টিনন্দন গোলটি পেয়েছে সেরা গোলের খেতাব।
সুইজারল্যান্ডের নিয়নে ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুড গুলিত ও বাংলাদেশি বংশদ্ভূত রেশমিন চৌধুরী।

ফিফ প্রো বর্ষসেরা একাদশ: আলিসন বেকার, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, ভার্জিল ফন ডাইক, সের্গিও রামোস, আলফোনসো ডেভিস, ইয়োশুয়া কিমিচ, কেভিন ডি ব্রুইনা, থিয়াগো আলকান্তারা, লিওনেল মেসি, রবার্ট লেভানডভস্কি, ক্রিশ্চিয়ানো রোনালদো।