এগিয়ে ভারত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৫

স্পোর্টস ডেস্ক

গোলাপি বলে এখনো পর্যন্ত মিলেনি ড্রয়ের দেখা। প্রকৃতির বাঁধা না এলে অ্যাডিলেড টেস্টেও দেখা যাবে না সেটি। কেননা টানা দুই দিন বোলারদের দাপটের পর এই ম্যাচ যে পাঁচ দিন পর্যন্ত গড়াবে না সেটা অনেকটাই নিশ্চিত। প্রথম দিন অস্ট্রেলিয়ার বোলারদের ইটের জবাব পাটকেল দিয়েই দিল ভারতীয় বোলাররা।  যে কারণে ৬২ রানে এগিয়ে থেকেই গতকালের  দিন শেষ করেছে বিরাট কোহলির দল। আজ ১ উইকেটে ৯ রান নিয়ে দিনের খেলা শুরু করবে তারা। মায়াঙ্ক আগারওয়াল ৫ ও শূন্য রানে অপরাজিত আছেন জাসপ্রীত বুমরাহ।

আগের দিন ৬ উইকেটে ২৩৩ রান করা ভারত এদিন মাত্র ১১ রানই যোগ করে অলআউট হয় ২৪৪ রানে। জবাবে যে অজি ব্যাটসম্যানরা রানপাহাড়  গড়ে তোলবেন এরকম প্রত্যাশা ছিল অনেকেরই। কিন্তু হলো এর উলটোটাই। দুই ওভারের ব্যবধানে দুই ওপেনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বুমরাহ দেখিয়ে দেন গোলাপি বলে তাদের হাতেও ধার আছে।

এরপর মিডল অর্ডার ভাঙার দায়িত্বটা নেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের প্রথম ওভারের শেষ বলেই স্টিভেন স্মিথকে (১) তালুবন্দি করান স্লিপে থাকা আজিঙ্কা রাহানের হাতে। তখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে ভারত। কৌশলি বোলিংয়ে খানিক বিরতি দিয়ে তুলে নেন ট্রাভিস হেড ও অভিষিক্ত ক্যামেরন গ্রিনের উইকেট। 

৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা অজিদের ভরসা জোগাচ্ছিলেন মার্নাস লাবুশেন। দুই বার জীবন পেয়ে ইনিংসটা ঠিকঠাক মতোই এগোচ্ছিলেন ডানহাতি ব্যাটসম্যান।  কিন্তু চা-বিরতির পর উমেশ যাদবের ফাঁদে পা দিয়ে আরো বিপদ ডেকে আনেন তিনি। আউট হন ৪৭ রানে। একই ওভারে  প্যাট কামিন্সকেও তুলে নেন উমেশ। তখন অন্তত ১০০ রানে পিছিয়ে থেকে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল অজিদের। কিন্তু অধিনায়ক টিম পেইনের চোয়ালবদ্ধ লড়াইয়ের কল্যাণে ১৯১ রান পর্যন্ত এগোতে পারে তারা। ৯৯ বলে ১০ চারে ৭৩ রানে অপরাজিত থাকেন পেইন। ভারতের সর্বোচ্চ ৪টি উইকেট নেন অশ্বিন, ৩টি উমেশ ও ২টি শিকার করেন বুমরাহ।

দ্বিতীয়বার ইনিংসের সূচনা করতে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল পৃথ্বী শয়ের সামনে। চার রানে কামিন্সের কাছে নিজের স্টাম্প হারান এই ওপেনার (৪)। তার বিদায়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাসে ফেলে মাঠ ছাড়ে অজিরা।