স্পোর্টস রিপোর্টার
বছরের এই সময়টা মূলত ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় টি-২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হয়। করোনার কারণে বিগ বাজেটের বিপিএল আয়োজন সম্ভব হয়নি। পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে সময়টা কাজে লাগিয়েছে বিসিবি। টুর্নামেন্টে দলগুলোর লড়াই মনে ধরেছে নাজমুল হাসান পাপনের। বর্ষপঞ্জি অনুযায়ী সুযোগ থাকলে প্রতি বছরই টুর্নামেন্টটা আয়োজন করতে চান বিসিবি সভাপতি।
গতকাল মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ‘প্রতি বছরই আমরা এটা রাখতে চাই। নির্ভর করছে অনেক কিছুর ওপরে। এফটিপি, আমাদের আইসিসি ইভেন্ট, সবকিছু মিলিয়ে সুযোগ যদি থাকে তাহলে এটাকে অগ্রাধিকার দেব। প্রতি বছরই হোক এটাই আমাদের ইচ্ছা।’
বিদেশি না থাকায় টুর্নামেন্টে এক ঝাঁক তরুণ ক্রিকেটার খেলেছেন। তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি। জাতীয় দলের অভিজ্ঞদের পাশাপাশি শান্ত, শরীফুল, আফিফ, মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, পারভেজ ইমনদের কথা উল্লেখ করেন তিনি।
গতকাল পাপন বলেছেন, ‘আমার তো কয়েকটা ছেলের খেলা খুব ভালো লেগেছে। শান্ত, আমার কাছে মনে হচ্ছে ওর কনফিডেন্স লেভেলটা দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতের জন্য একটা খুব ভালো প্লেয়ার সংযোজন হয়েছে। আফিফের খেলা ভালো লেগেছে। নতুনদের মধ্যে শরীফুলের খেলা খুব ভালো লেগেছে, তাসকিনের বলও ভালো হয়েছে। ইমন ছেলেটার ব্যাটিং ভালো লেগেছে, ইয়াসির রাব্বির ব্যাটিং ভালো লেগেছে।’
তবে সহসাই ক্রিকেট মাঠে দর্শক ফেরানোর চিন্তা নেই বিসিবির। একই সঙ্গে করোনার ভ্যাকসিন আসার আগে ঘরোয়া ক্রিকেটও মাঠে ফিরছে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে মাশরাফির সুযোগ পাওয়াটা নির্বাচকদের ওপরই ছেড়ে দিচ্ছেন বিসিবি সভাপতি।
