হারে শুরু পাকিস্তানের

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৫

স্পোর্টস ডেস্ক

নবাগত পেসার জ্যাকব ডাফির বোলিং নৈপুণ্যে অকল্যান্ডে সিরিজের প্রথম আন্তর্জাতিক টি-২০ তে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। 

পেসবান্ধব ইডেন পার্কে টসে জিতে ব্যাটিং করতে নেমেই বিপাকে পড়ে পাকিস্তানি ব্যাটসম্যানরা। ৫ ওভারের মধ্যেই ২০ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা, যার মধ্যে ডাফি একাই নিয়েছেন ৩টি। দলীয় ৩৯ রানে পঞ্চম উইকেটের পতনের পর যখন ব্যাটিং বিপর্যয় চোখ রাঙানি দিচ্ছিল, তখন ইমাদ ওয়াসিমকে নিয়ে দলের হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান। শাদাব এবং লোয়ার অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০ ওভারে ১৫৩ রান তুলে পাকিস্তান।

জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ডও তেমন ভালো শুরু করতে পারেনি। ২১ রানেই প্রথম ২ উইকেটের হারায় তারা। তবে ওপেনার টিম সেইফার্ট এবং মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেট হাতে রেখেই বাকি পথ পেড়োয় কিউয়িরা। অভিষেকেই ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জ্যাকব ডাফি। 

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ১৫৩/৯ (শাদাব ৪২, ফাহিম ৩১; ডাফি ৪/৩৩, কুগেলিন ৩/২৭) নিউজিল্যান্ড : ১৮.৫ ওভারে ১৫৬/৫ (সাইফার্ট ৫৭, চ্যপম্যান ৩৪; রউফ ৩/২৯, আফ্রিদি ২/২৭)

ম্যাচসেরা : জ্যাকব ডাফি