শীতের সবজিতে বাজার সয়লাব

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩৩

দুই-একটি বাদে প্রায় সব ধরনের সবজি এখন ‘পানির দরে’ বিক্রি হচ্ছে। যা এক-দেড় মাস আগে কল্পনাও করা যায়নি। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা কাঁচাবাজারে বেশির ভাগ সবজি ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা যায়। অথচ মাত্র কিছুদিন আগেও ৭০ থেকে ৮০ টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যায়নি। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে এখন শীতকালীন সবজির ব্যাপক সরবরাহ। দিন দিন এ সরবরাহ বাড়ছে। ফলে দাম কমছে সবজির। তারা বলেন, সবজির দাম সামনে আরো কমবে।

উল্লেখ্য, চলতি বছর দেশে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে চার দফা বন্যায় সবজিখেত নষ্ট হওয়ায় চড়া দামে বিক্রি হয় সব ধরনের সবজি। এতে বিপাকে পড়েছিল স্বল্প আয়ের মানুষ।

গতকাল কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, বিভিন্ন ধরনের সবজির মধ্যে বাজারভেদে শিম ২০ থেকে ২৫ টাকা, মুলা ১৫ থেকে ২০ টাকা, পটোল, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, ঢ্যাঁড়শ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ মাস দুয়েক আগেও প্রতি কেজি শিমের দাম ছিল ১২০ টাকা। মুলা, পটোল, বেগুনের দামও ছিল বেশ চড়া। দাম কমেছে ফুলকপি, বাঁধাকপিরও। মৌসুমের শুরুতে যে ফুলকপি, বাঁধাকপির দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা তা এখন ১৫ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। দাম কমার তালিকায় রয়েছে লাউ, কুমড়া ও করলারও। ৫০ থেকে ৬০ টাকার লাউ, কুমড়া এখন বিক্রি হচ্ছে ২০ থেকে সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে। আর করলার কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকার মধ্যে। যা কিছুদিন আগেও ৬০ থেকে ৭০ টাকা ছিল।  বাজার ঘুরে দেখা গেছে, শসা, গাজর, নতুন আলুর দাম এখনো খুব বেশি না কমলেও আগের তুলনায় অনেকটাই কমেছে। ৮০ টাকা কেজির গাজর এখন ৪০ টাকায় নেমে এসেছে। শসাও বিক্রি হচ্ছে প্রায় একই দামে। আর নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। যা মৌসুমের শুরুতে ছিল ১০০ টাকার ওপরে।

তবে এখনো দাম খুব বেশি কমেনি টম্যাটো, বরবটি ও কাঁচা মরিচের। এখনো বাজারে নতুন পাকা টম্যাটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা ও কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া পুরোনো আলুর কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। যা মাস দুয়েক আগেও ৬০ টাকা ছুঁয়েছিল।

সবজির পাশাপাশি দাম কমেছে সব ধরনের শাকের। কিছুদিন আগে যেখানে এক কেজি পুঁইশাক বিক্রি হয়েছে ৫০ টাকা, তা এখন ১৫ থেকে ২০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া লালশাক, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ টাকা।

তুরাগের নতুন বাজারের সবজি ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, কিছুদিন আগের তুলনায় সবজি এখন বলতে গেলে পানির দরে বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহে দেশি পেঁয়াজের দাম আগের সপ্তাহের তুলনায় কমলেও গতকাল তা বেড়েছে। কেজিতে ১০ টাকা বেড়ে গতকাল বাজারে দেশি পেঁয়াজের কেজি ৬০ টাকা বিক্রি হয়। অন্যান্য পেঁয়াজের মধ্যে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা ও চীন-মিয়ানমারের পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।